খেলাপী ঋণের লাগাম টানা ও বন্ড মার্কেট উন্নয়নে ব্যাংকিং খাত থেকে করপোরেট প্রতিষ্ঠানের বড় ঋণ দেওয়ার পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেন্ডেশনস’ শীর্ষক সেমিনারে আজ সোমবার এ কথা জানান তিনি।
গভর্নর বলেন, করপোরেট খাত থেকে ব্যাংক আলাদা করে নেওয়া হবে। এজন্য বড়দের সিঙ্গেল বরোয়ার লিমিট (একক গ্রাহক ঋণ সীমা) অতিক্রিম করতে দেওয়া হবে না।
বর্তমানে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে একটি কম্পানি বা গ্রুপ কতো ঋণ নিতে পারবে তার একটি সীমা রয়েছে। এটিকে বলা হয়—একক গ্রাহক ঋণসীমা। বর্তমানে একক গ্রাহক ঋণ সীমা হচ্ছে কোনো ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থাৎ মূলধনের ২৫ শতাংশের বেশি কাউকে এককভাবে ঋণ দিতে পারবে না। এর মধ্যে ফান্ডেড ঋণ হবে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং নন-ফান্ডেড হবে সর্বোচ্চ ১০ শতাংশ।


