এনসিসিসি ব্যাংক পিএলসি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্যাংকটির আয় ও আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এপ্রিল থেকে জুন ২০২৫ মেয়াদের আর্থিক ফলাফল অনুমোদনের পর প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা।
প্রথম দুই প্রান্তিক মিলিয়ে জানুয়ারি থেকে জুন ২০২৫ সময়ে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি পরিচালন ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়, যা গত বছরের একই সময়ে মাত্র ১ টাকা ৩১ পয়সা ছিল।
২০২৫ সালের ৩০ জুন তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা, যা ব্যাংকের আর্থিক স্থিতি শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। আয়, ক্যাশ ফ্লো এবং নিট সম্পদ মূল্যের এই উন্নতি বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


