বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ধর্মের নামে কোনো বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। সোমবার রাত সাড়ে ৯টায় রংপুরের সদর উপজেলায় পাগলা পীর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, “আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করি। সংখ্যালঘু শব্দ ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুট করার অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আখ্যা দেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত বরাবরই আপসহীন। এ কারণেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণ করা হয়েছে।”
বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনার পর জামায়াতকে দুর্বল করতে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়। তবু আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি।”
জামায়াত নেতাদের বিচারিক হত্যার বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ আমাদের শীর্ষ নেতাদের নির্মমভাবে বিদায় করেছে। তবে আমাদের সংগ্রাম থামেনি। আমরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “রংপুরের মানুষ বরাবরই ইসলামি আন্দোলনের পক্ষে। এই অঞ্চলের মানুষকে আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করতে হবে। রংপুরের সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানাই।”
ডা. শফিকুর আওয়ামী লীগের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, “বাংলাদেশের ব্যাংকসহ বিভিন্ন সম্পদ বিক্রি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। জনগণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।”
এ সময় তিনি দাবি করেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। আমরা ঘুষ বা চাঁদাবাজিতে বিশ্বাস করি না এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করব।”
সদর উপজেলা জামায়াতের সভাপতি মোজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের শুরা সদস্য মাহবুবুর রহমান বেলালসহ স্থানীয় নেতারা।
ডা. শফিকুর রহমান মঙ্গলবার মিঠাপুকুরে আরও একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


