পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় পাঁচ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন।
গতকাল রবিবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই স্থগিতাদেশ আপাতত শুধুমাত্র নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে কার্যকর হবে। নির্ধারিত ১০ দিনের মধ্যে শর্তাবলী পূরণ এবং সেবার মান উন্নত করতে পারলে এজেন্সিগুলোর চুক্তি পুনরায় সচল করে দেওয়া হবে। মূলত এজেন্সিগুলোকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন কিংবা যাদের বুকিং নিশ্চিত করা আছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ওমরাহ পালন বা অন্যান্য পরিষেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং তারা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব সুবিধা পাবেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নুয়াইমি এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওমরাহ খাতের স্বচ্ছতা বজায় রাখা এবং হাজিদের অধিকার নিশ্চিত করতে এই মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


