Sunday, July 26, 2026
Home পুঁজিবাজার রাজীব সামদানি ও নাদিয়া চৌধুরীর ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

রাজীব সামদানি ও নাদিয়া চৌধুরীর ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

খেলাপি ঋণ পরিশোধের জন্য আইপিডিসি ফাইন্যান্সের অনুকূলে এক কোটি শেয়ার হস্তান্তর করতে চেয়েছিলেন তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দুই পরিচালক আহমেদ রাজীব সামদানি ও নাদিয়া খলিল চৌধুরী। এজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছ থেকে গত মাসে অনুমোদনও পেয়েছিলেন তারা। তবে গতকাল ডিএসইর পক্ষ থেকে এ শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করা হয়েছে। মূলত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধে শেয়ার হস্তান্তর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

গত বছরের ১০ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে আহমেদ রাজীব সামদানির ৯০ লাখ ও নাদিয়া খলিল চৌধুরীর ১০ লাখ শেয়ার হস্তান্তর অনুমোদনের তথ্য প্রকাশ করা হয়। আইপিডিসি ফাইন্যান্সের অনুকূলে ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর অনুমোদন হওয়ার কথা ছিল। এক্ষেত্রে ডিএসইর লিস্টিং রেগুলেশনের ৪৭(১)(ডি) বিধি অনুসারে খেলাপি ঋণ সমন্বয়ের জন্য এ শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্তের প্রায় এক মাস পর গতকাল শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিলের কথা জানায় ডিএসই। যদিও অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে কিছু জানায়নি এক্সচেঞ্জটি।
ডিএসই সূত্রে জানা গেছে, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি ও পরিচালক নাদিয়া খলিল চৌধুরীর শেয়ার হস্তান্তর কিংবা বিক্রির বিষয়ে এনবিআরের বিধিনিষেধ রয়েছে। এ বিষয়ে এনবিআরের কাছ থেকে শেয়ার হস্তান্তর না করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ডিএসই শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে।
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার ধারণসংক্রান্ত প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির ৪ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৪৬৪টি বা ২১ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে আহমেদ রাজীব সামদানির কাছে। অন্যদিকে নাদিয়া খলিল চৌধুরীর কাছে রয়েছে কোম্পানিটির ৪৩ লাখ ১৬ হাজার ৭৫০টি বা ২ শতাংশ শেয়ার। সব মিলিয়ে দুজনের কাছে রয়েছে কোম্পানিটির ২৩ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্টের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১। এর ৩০ দশমিক ৪২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৪৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সায়।

ডিএসইতে গতকাল গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বশেষ ১০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১০ থেকে ১৫ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments