বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল্যান্স সিস্টেম ব্যবহারে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেম তদন্ত করতে গিয়ে এমন আশঙ্কার কথা জানায় সংস্থাটি।
এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিএসইসি কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের চার সদস্যের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন দুজন সহকারী পরিচালক। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের জানান, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেম নির্ধারিত রুমের বাইরে অন্য একটি রুমে সংযুক্ত ছিল, যা যথাযথ নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ। কারণ, পুঁজিবাজারের সংবেদনশীল তথ্য এখান থেকে পাচার হলে বাজারে কারসাজির সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যে রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম (আরআইএস) সফটওয়্যার ইনস্টল করার কথা ছিল, তা বাস্তবায়ন হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০২২ সালে শেষ হলেও সফটওয়্যারটি ইনস্টল, ব্যবহার বা হস্তান্তর করা হয়নি।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, এই প্রকল্পের বাজেট ছিল ২৮ কোটি টাকা। তবে ব্যয় সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য না থাকায় এখানে অনিয়মের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে জানান রাজু আহমেদ। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প পরিচালক সাইফুর রহমানের সঙ্গে আলোচনার পর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।


