Friday, June 12, 2026
Home পুঁজিবাজার বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।

সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই বিশেষজ্ঞের হাত ধরে পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক সংস্কারের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএসইসির শীর্ষ পদে মাসুদ খানের নাম চূড়ান্ত করে এরই মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে এবং খুব শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

আইনগত জটিলতা কাটিয়ে মাসুদ খানের মতো অভিজ্ঞ পেশাজীবীকে এই গুরুত্বপূর্ণ সংস্থায় যুক্ত করতে সম্প্রতি আইনি সংস্কার এনেছে সরকার। আগে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’ অনুযায়ী সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদে থাকার নিয়ম ছিল। তবে ৩০ এপ্রিল জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল ২০২৬’ পাস হওয়ার মাধ্যমে এই বয়সসীমার বাধ্যবাধকতা সম্পূর্ণ বাতিল করা হয়। এর ফলে ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ করপোরেট লিডারের বিএসইসি প্রধান হওয়ার পথ সুগম হয়।

মাসুদ খান বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ২০ বছর ধরে দেশ ও বিদেশে ফিন্যান্সের শীর্ষ পদে দায়িত্ব সামলেছেন।

এছাড়াও তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র স্বাধীন পরিচালক হিসেবে যুক্ত আছেন।

পুঁজিবাজারে নতুন নেতৃত্ব ও সংস্কারের আভাস সম্প্রতি এক সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে নতুনভাবে সাজানো হচ্ছে এবং সম্পূর্ণ পেশাদারত্বের ভিত্তিতে কোনো রাজনৈতিক বিবেচনা ছাড়াই এ নিয়োগ প্রক্রিয়া চলছে।

২০২৪ সালের পটপরিবর্তনের পর নিয়োগ পাওয়া সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের অধীনে কমিশনের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও বাজার ব্যবস্থাপনায় স্থবিরতার সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন খন্দকার রাশেদ মাকসুদ। এ বিষয়ে রাশেদ মাকসুদ এক বিবৃতিতে বলেন, দেশের পুঁজিবাজারের অন্যতম অস্থির সময়ে তিনি ও তার দল কমিশনের নেতৃত্বের দায়িত্বগ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

রাশেদ মাকসুদ দাবি করেন, তার নেতৃত্বে গত ২১ মাসে মার্জিন, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), মিউচ্যুয়াল ফান্ড, ঋণপত্র এবং হুইসেলব্লোয়ার–সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স, অডিট ও করপোরেট পুনর্গঠন বিষয়ে তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments