প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬ সালে ভর্তি হওয়া ষষ্ঠ শ্রেণী (স্কুল ও মাদ্রাসা) ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এ উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। নতুন শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য নির্ধারিত পোর্টালে (https://hsp.pmeat.gov.bd/login) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ‘প্রাথমিক নির্বাচন’ মেন্যু থেকে ‘নতুন শিক্ষার্থী এন্ট্রি’ অপশনে গিয়ে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য প্রদান করে তা সংরক্ষণ করতে হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ৭ মে ২০২৬ পর্যন্ত। নির্দেশনা অনুযায়ী, নগদ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পিতা বা মাতার মধ্যে যাকে অভিভাবক নির্বাচন করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিমটি নিবন্ধিত থাকতে হবে।
সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম হিসেবেও শিক্ষার্থীর পিতা বা মাতার নাম থাকতে হবে। এর আগেও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। এ বিষয়ে নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তির টাকা অত্যন্ত সফলভাবে বিতরণ করে আসছে নগদ।’


