Sunday, July 19, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে লেনদেনের সময় কমল আধা ঘণ্টা

পুঁজিবাজারে লেনদেনের সময় কমল আধা ঘণ্টা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার।

এর সঙ্গে সংগতি রেখে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিস সময়সূচি ও লেনদেনের সময় নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। গতকাল দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস ছিল। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টার মধ্যে। এছাড়া গত শুক্রবার থেকেই দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

পুঁজিবাজার পরিস্থিতি: গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২০ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৪ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত ছিল ১২টির। আর লেনদেন হয়নি ২২টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, আল-আরফাহ্‌ ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৬৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫৪৮ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ১ দশমিক ৪৩ শতাংশ কমে ১৪ হাজার ৭০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৯১৫ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৩১ শতাংশ কমে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১০২ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ১৮৮ কোটি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৯ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫২টির আর দর অপরিবর্তিত ছিল ২৮টির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments