জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার (৩ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
গত নভেম্বরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
পরে তার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। এ আবেদনের শুনানির পর আজ খালেদা জিয়ার খালাসের রায় বহাল রাখলেন আপিল বিভাগ।
২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। পরে সেই সাজার বিরুদ্ধে আপিল করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক।
মামলার বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরও তিনজন তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অজ্ঞাত উৎস থেকে ট্রাস্টের জন্য তহবিল সংগ্রহ করেছেন।
২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় খালেদাসহ বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
পরে ২০১৮ সালের ২৯ অক্টোবর, বিচারপতি আখতারুজ্জামান রায়ে বলেন, চার আসামি পারস্পরিক সহযোগিতায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য অজ্ঞাত সূত্র থেকে ২ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ট্রাস্টের নামে জমি কেনার প্রক্রিয়ায় আরও ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে অনিয়ম হয়েছে।
আদালত বলেন, ২০০৫ সালের ১৩ জানুয়ারি থেকে এক সপ্তাহের মধ্যে ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে মোত ৭.৮১ কোটি টাকা জমা হয়; তবে এই টাকাটি কোনো দাতব্য কাজে ব্যবহার করা হয়নি। এমনকি, ক্রয়কৃত জমি ট্রাস্টের নামে মিউটেশন বা নামজারিও করা হয়নি।
প্রথম ম্যানেজিং ট্রাস্টি হিসেবে খালেদা জিয়া ২০০৫ সালের ১ জানুয়ারি সোনালী ব্যাংকের পিএমও শাখায় অ্যাকাউন্ট খোলেন এবং ১৩ জানুয়ারি থেকে পরের এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে অ্যাকাউন্টটিতে ৭ কোটি ৮১ লাখ টাকা জমা হয়। রায়ে বিচারক বলেন, “প্রসিকিউশন এ ব্যপারে যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।”


