দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে মত প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, “দেশে আমরা কোনো চাঁদাবাজি, দখলবাজি বা দুর্নীতি চাই না। এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।” শনিবার (১১ জানুয়ারি) সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখেন তিনি। এ সময় হাজারো শ্রোতা উপস্থিত ছিলেন। মাহফিলে ড. আজহারী বলেন, “আমরা দেখতে পাই, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অনিয়ম প্রকাশ্যে আসে। একটি সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক দুর্নীতির খবর সাধারণ মানুষ জানতে পারে না। কিন্তু নতুন সরকার এলে আগের সরকারের দুর্নীতির ফিরিস্তি পাওয়া যায়। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই এমন বাজে স্বভাব দেখা যায়। এটি বন্ধ হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “আমাদের এখন শুধরে নেওয়ার সময় এসেছে। নতুন ভোরের বাংলাদেশ গড়তে হলে সব রাজনৈতিক দলকেই নিজেদের দায়িত্বশীল হতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি থেকে দূরে থাকার শপথ নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” যশোরের একটি মাহফিলে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে ড. মিজানুর রহমান আজহারী বলেন, “সাধারণ কিছু মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি একজন ইসলামি স্কলার এবং একজন বাংলাদেশি নাগরিক। দেশের সমস্যাগুলো নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে। আমার বক্তব্যকে রাজনৈতিকভাবে দেখা উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। তাফসিরে কুরআন আমার প্রধান পরিচয়। তবে দেশের মানুষের সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলা আমার নৈতিক দায়িত্ব।” ড. আজহারী দেশ ও জাতির কল্যাণে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পেতে মানুষকে সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।


