ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে আনুষ্ঠানিকভাবে ভারতকে অবহিত করা হয়েছে। কূটনৈতিক চিঠির মাধ্যমে এ বিষয়টি ভারতের কাছে তুলে ধরা হয়েছে।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, ভারত এ ব্যাপারে সহযোগিতা করবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক করেন। সেই বৈঠকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তাকে ফেরানোর বিষয়ে সরকার বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত কী ভূমিকা পালন করে, তা ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।


