বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দুইজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। এই নিয়োগের মাধ্যমে পূর্বে নিয়োগকৃত সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্যে যারা দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছিলেন, তাদের স্থলে নতুন দুজনকে নিয়োগ করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২১তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন হুদা ভাসি চোধুরী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বস্তু নাসির।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯১৮তম জরুরি কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। তবে নিয়োগপ্রাপ্ত দুইজন স্বতন্ত্র পরিচালক পরবর্তীতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তাই তাদের জায়গায় নতুন দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


