সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ (মিডিয়া) থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, ‘নৌপথে পালিয়ে যাওয়ার সময়’ ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এর পর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।


