বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা মানবিক বিবেচনায় দেশে ফিরে অবশিষ্ট সাজা ভোগ করার সুযোগ পাবেন।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি বাস্তবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দ্রুতই চুক্তি সই ও কার্যকর হওয়ার আশা করা হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের আইনি ও মানবিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়াও সহজ হবে।
এদিকে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি মাফুশি কারাগার পরিদর্শন করে। সেখানে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সঙ্গে তারা পৃথকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা, খাদ্য, আবাসন, পোশাক ও কারা-পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই কারাগারে ৩৪ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বন্দিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানায়।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলে প্রবাসে আটক বাংলাদেশিরা নিজ দেশে পরিবার-পরিজনের কাছাকাছি থেকে সাজা ভোগ করতে পারবেন, যা তাদের মানসিক পুনর্বাসনেও ইতিবাচক ভূমিকা রাখবে।


