দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ এফসিএ, আলা উদ্দিন এফসিএ, আসিফুর রহমান এফসিএ এবং মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। নবনির্বাচিত পদাধিকারীরা ১ জুলাই থেকে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সাব্বির আহমেদ এফসিএ বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন, যা পূর্বে এ. এফ. ফার্গুসন অ্যান্ড কোম্পানি নামে পরিচিত ছিল। প্রায় তিন দশকের পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে বিশ্বের শীর্ষ চারটি বৈশ্বিক হিসাববিষয়ক প্রতিষ্ঠানের একটির মাধ্যমে ১২ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নিয়াজ মোহাম্মদ এফসিএ গ্র্যান্ট থর্নটন ইন্টারন্যাশনালের সদস্য প্রতিষ্ঠান হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার। নিরীক্ষা, অ্যাশিওরেন্স এবং ব্যবসায়িক পরামর্শসেবা খাতে তাঁর ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসিফুর রহমান এফসিএ হোসেন ফারহাদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। তিনি সংবিধিবদ্ধ নিরীক্ষা, অ্যাশিওরেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষজ্ঞ। তাঁর ২৫ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে এবং তিনি মেটলাইফ বাংলাদেশে ফিন্যান্সিয়াল কন্ট্রোলারসহ বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ রেদওয়ান রহমান অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার। তিনি এর আগে মেটলাইফ বাংলাদেশ, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং কেপিএমজি বাংলাদেশে জ্যেষ্ঠ আর্থিক ও নিরীক্ষা নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।


