নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কক্ষটিকে তৎকালীন শাসনব্যবস্থার ব্যর্থ প্রজেক্ট এবং নিজের রাজনৈতিক বিজয়ের দলিল হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এটি উদযাপন করার কথা জানান।
তিনি উল্লেখ করেন, ২০২১ সালের এপ্রিল মাসে ওই কক্ষে তিনি তার তৎকালীন স্ত্রী জান্নাত আরা ঝর্ণাসহ আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মাধ্যমে হেনস্তার শিকার হন। প্রথম স্ত্রীর অনুমতি ও সামাজিক জটিলতার কারণে বিয়ে গোপন রাখলেও শরিয়ত অনুযায়ী তাদের সম্পর্ক সম্পূর্ণ বৈধ ছিল।
তবে ওই ঘটনার পর নানা মনোমালিন্যের জেরে ২০২৫ সালের মার্চে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে ধ্বংস এবং হেফাজত নেতাদের মুখোমুখি দাঁড় করাতেই তৎকালীন গোয়েন্দা সংস্থা ও সরকার এই অভিযান ও কল রেকর্ড ফাঁসের মতো ঘটনা ঘটিয়েছিল।
তবে আদালতে সাক্ষ্য ও সত্য প্রকাশের মাধ্যমে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে দাবি করে তিনি তার বিরুদ্ধে ওঠা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন।


