আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা শুধুমাত্র সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে নেওয়া হয়েছে এবং অন্য শাখাগুলো সরকারি নীতিমালা মেনে পরিচালিত হলে তাদের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মগবাজার শাখায় কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্তে গুরুতর অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলার কারণে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রোগীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বে অবহেলা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। স্বাস্থ্যখাতে অনিয়মের বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান।
এ সময় হাম প্রতিরোধ ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকারের চলমান কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


