জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ঐতিহাসিক অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার নেতারা।
যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো বার্তায় ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা ও বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ড. খলিলুর রহমানের দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা সাধারণ পরিষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। চীন আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য, সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এই অর্জনকে বাংলাদেশ ও পুরো অঞ্চলের জন্য গৌরবের মুহূর্ত বলে অভিহিত করেন।
নিউইয়র্কে নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমান জানান, তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন, ঐক্য প্রতিষ্ঠা এবং জাতিসংঘ সংস্কার এগিয়ে নিতে কাজ করবেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার, ডিজিটাল গভর্ন্যান্স এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থাকে তার অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ড. খলিলুর রহমান ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বগ্রহণ করবেন।


