মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। এই সামরিক সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনুমোদিত এ বিক্রির আওয়ারে রয়েছে দখলদার ইসরাইল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরুর পর নয় সপ্তাহ পার হয়েছে। একই সঙ্গে ইরান যুদ্ধকে ঘিরে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতির তিন সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি তেহরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর মতে, আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সূত্র:আল জাজিরা


