বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটির, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ উৎপানের রেকর্ড।
তবে বছরজুড়ে বিদ্যুৎ খাত কঠিন পরিবেশের মুখোমুখি হয়েছে। শীতকালীন আবহাওয়া ও অসময়ের বৃষ্টিপাত ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ চাহিদার বিঘ্ন ঘটে তবে মার্চে উষ্ণ আবহাওয়ার আগমনে তা পুনরুদ্ধার শুরু হয়। সারা বছরে ভারতের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা মাত্র ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৭০৯ বিলিয়ন ইউনিটে পৌঁছেছে। ২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎতের সর্বোচ্চ চাহিদা ছিলো ২৪৩ গিগাওয়াটে , যা আগের অর্থবছরের ছিলো ২৫০ গিগাওয়াট। একই সঙ্গে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের ক্রমবর্ধমান অংশীদারিত্ব এবং আবহাওয়াজনিত চাহিদার অনিশ্চয়তার কারণে বিদ্যুৎ এক্সচেঞ্জে গড় বাজারদর ১৩.৭ শতাংশ কমে প্রতি কিলোওয়াট ঘণ্টায় প্রায় ০.০৪০ ডলারে নেমে এসেছে।
আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এস বি খ্যালিয়া বলেন, “বিশ্ব যখন জ্বালানি মূল্য নিয়ে বড় ধরণের ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারতের জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়লাসহ আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে আমাদের প্রবৃদ্ধি ও উন্নয়নে শক্তি জোগাবে। ভারত যখন দ্রুতগতিতে নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাপবিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা এবং সর্বোচ্চ চাহিদা মেটানোর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে।”


