ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদে থাকার নৈতিক অধিকার থাকে না। তিনি স্পষ্ট করে জানান, হজযাত্রীরা দেশের সম্মানিত অতিথি—তাদের প্রতি অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রী ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের যাত্রা প্রস্তুতি, আবাসন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। অনেক যাত্রী তাদের সন্তুষ্টির কথা জানালেও কিছু সমস্যা তুলে ধরেন, বিশেষ করে মশা ও ছারপোকার উপদ্রব নিয়ে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পবিত্র হজ পালনে যেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে হজ ক্যাম্পে যাত্রীদের আগমন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসতে থাকেন। প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। এতে করে হজ ব্যবস্থাপনায় আরও জোরদার তদারকি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


