পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল দিল্লি সফর করছেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) যোগ দেওয়ার আগে ভারতের রাজধানীতে যাবেন তিনি। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে যাবেন।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো শুক্রবার প্রথম আলোকে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলোচনা হতে পারে। এর পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে সফরসঙ্গী হচ্ছেন বলে ঢাকার একটি সূত্র জানিয়েছে।
সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির আলোচনার বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু হয়েছে।
দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার পাশাপাশি ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দিল্লির মনোভাব ইতিবাচক বলে সেখানকার কূটনৈতিক পর্যবেক্ষকেরা জানিয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি পাঠান। নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।


