রাজধানীতে জ্বালানি তেলের অস্বাভাবিক সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। ছুটির দিনেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নগরজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিনের শুরু থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে দেখা যায়, তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি কয়েকশ’ মিটার পর্যন্ত বিস্তৃত। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, এমনকি গণপরিবহনও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে সড়কে ধীরগতি তৈরি হয়ে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।
অনেক চালক জানান, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে না। সীমিত সরবরাহের কারণে অনেক পাম্প নির্দিষ্ট সময় পর বিক্রি বন্ধ করে দিচ্ছে। ফলে নতুন করে লাইনে দাঁড়ানো অনেকেই তেল না নিয়েই ফিরে যাচ্ছেন।
পাম্প মালিকদের ভাষ্য, সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তার তুলনায় অনেক কম সরবরাহ পাওয়া যাচ্ছে। এ কারণে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। ব্যক্তিগত ও পেশাগত কাজে বের হওয়া মানুষকে সময় নষ্ট করতে হচ্ছে, বাড়ছে দুর্ভোগ। দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে এই সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


