১০ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার নাগরিক সমস্যাগুলো সমাধানে ধাপে ধাপে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা পৃথিবীর জনবহুল শহরগুলোর অন্যতম। অপরিকল্পিত নগরায়ণের ফলে এই শহরে নাগরিক সুযোগ-সুবিধা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। রাজধানীর সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। সব সমস্যা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে সমাধান করা হবে।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার যানজট: মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান ও বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ।


