আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়বে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিসহ বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
৭২ ঘণ্টার কুয়াশার পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে।


