প্রায় পাঁচ দশকের সফল যাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করল এক্স ইনডেক্স কোম্পানিজ। আধুনিক সময় ও ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিজেদের নতুন ব্র্যান্ড পরিচয় হিসেবে উন্মোচন করেছে “এক্সআইসি”। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ভিশন ২০৫০’-এর আলোকে নতুন নাম ও লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
১৯৭৭ সালে ‘ইন্ডেক্স আর্কিটেক্টস’ নামে যাত্রা শুরু করা এই গ্রুপটি সময়ের সঙ্গে সঙ্গে বহুমাত্রিক ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হয়ে একটি সুসংহত কর্পোরেট প্রতিষ্ঠানে রূপ নেয়। নতুন এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে এক্সআইসি নিজেদেরকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিসম্পন্ন একটি আধুনিক সংগঠন হিসেবে উপস্থাপন করতে চায়।
অনুষ্ঠানে এক্সআইসির চিফ অ্যাডভাইজার ও চেয়ারম্যান এমিরেটাস স্থপতি মো. মাজহারুল কাদের বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও অর্থবহ প্রতিষ্ঠান গড়ে তোলাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। অতীতের অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই আগামীর পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে এক্সআইসি।
ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার জানান, নতুন ব্র্যান্ড পরিচয় এক্সআইসির কাজের দর্শন ও ভবিষ্যৎ লক্ষ্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে। উদ্ভাবনী চিন্তা ও নিজস্ব সক্ষমতার মাধ্যমে দেশে উৎপাদিত পণ্য ও সেবাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়াই তাদের অগ্রাধিকার।
বিশুদ্ধতা, সরলতা, শ্রদ্ধাবোধ ও কার্যকারিতাকে মূল নীতিতে পরিণত করে এক্সআইসি ট্রেন্ড অনুসরণের বদলে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে আলাদা পরিচয় গড়ে তুলতে চায়। এই নতুন যাত্রা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।


