ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সেক্রেটারি ও সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. তৃণা ইসলামকে নিয়োগপত্রের শর্ত লঙ্ঘন করে এবং কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ অন্যায়ভাবে ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিএমএফ।
রোববার (১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ডা. তৃণা ইসলাম দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রীন টেলিভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তার নিয়োগপত্রের ৮ নম্বর ধারা অনুযায়ী, অব্যাহতি প্রদানের ক্ষেত্রে দুই মাসের পূর্ব নোটিশ বা সমপরিমাণ বেতন প্রদানের বিধান থাকলেও কর্তৃপক্ষ তার কোনোটিই অনুসরণ করেনি।
কোনো লিখিত কারণ দর্শানো বা প্রাতিষ্ঠানিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে ডিউটি রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রচলিত শ্রম আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, “নিজেদের সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতার প্রতি এ ধরনের অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটি আশা প্রকাশ করে যে, গ্রীন টিভি কর্তৃপক্ষ দ্রুত এই সংকটের সুষ্ঠু সমাধান করে গণমাধ্যমে ন্যায়বিচার ও পেশাদারিত্বের পরিবেশ বজায় রাখবে।


