দেশের ব্যাংকিং ও বীমা খাতে সমন্বিত সেবা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য জীবন বীমার বিভিন্ন পণ্য সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
এই অংশীদারিত্বের আওতায় কমিউনিটি ব্যাংকের বিস্তৃত শাখা ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ফলে ব্যাংকের নিয়মিত গ্রাহকরা একই জায়গা থেকে ব্যাংকিং সেবার পাশাপাশি বীমা সুবিধাও গ্রহণ করতে পারবেন, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশে বীমা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে এবং ব্যক্তি ও পরিবার পর্যায়ে আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলামসহ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও কমিউনিটি ব্যাংকের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে অংশ নেন।


