বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেশের আটটি জেলায় চালু হলো ই-বেইলবন্ড বা ডিজিটাল জামিননামা ব্যবস্থা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে জামিনপ্রাপ্ত আসামিকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনলাইনে জামিননামা দাখিল করা যাবে, ফলে মাত্র এক ঘণ্টার মধ্যেই বন্দির মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। এতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে জামিন পেতে আসামিদের ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব, বাড়তি অর্থব্যয় এবং হয়রানির শিকার হতে হতো। কখনো কখনো জামিন কার্যকর হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ই-বেইলবন্ড চালুর ফলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত হবে। কে কখন ডিজিটালভাবে স্বাক্ষর করেছেন, তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে জনবান্ধব ও আধুনিক করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করছে। ই-বেইলবন্ড তারই একটি বাস্তব উদাহরণ। জানা গেছে, প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয় এবং তা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় অন্যান্য জেলায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে এই কার্যক্রম শুরু হলো।
আইন মন্ত্রণালয়ের মতে, এই যুগান্তকারী উদ্যোগের ফলে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী এবং কারা প্রশাসনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে এবং দেশের বিচার ব্যবস্থায় গতি ও স্বচ্ছতা বাড়বে।


