স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় দেখিয়ে নয় বরং সেবা, সম্মান ও ভদ্র আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী, এজেন্ট বা তাদের প্রতিনিধির কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ তো দূরের কথা, খাবার গ্রহণও করা যাবে না—এ বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও দুর্বল করে দেয় এবং দেশের ভিত্তিকে নড়িয়ে দেয়। তাই সততা, নৈতিকতা ও বিবেককে পেশাগত জীবনের মূল শক্তি হিসেবে ধারণ করতে হবে।
পুলিশ সুপারদের উদ্দেশে তিনি বলেন, কোনো বেআইনি আদেশ বা স্বার্থান্বেষী গোষ্ঠীর এজেন্ডার পক্ষে কাজ করা যাবে না। প্রকৃত সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, জুলুমকে না বলা এবং নিপীড়িত মানুষের পাশে থাকা। পুলিশ যদি জনগণের আস্থা অর্জন করতে পারে, তবে আইন প্রয়োগ করা অনেক সহজ হয়ে উঠবে।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে বিভিন্ন বিসিএস ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।


