সুষ্ঠু ও সফলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে আগামী ১৮ জানুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংস্থাটির সেবা শাখার সহকারী সচিব ইজাকির মাহমুদ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যথাসময়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকার সব কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


