রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ রূপ নিয়েছে শোক, প্রতিবাদ ও জনসমাবেশের এক বিশাল মঞ্চে। প্রয়াত হাদি’র জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে মানুষের ঢল নামে। নির্ধারিত সময় দুপুর দুইটা হলেও ভোর থেকেই দলে দলে মানুষ এভিনিউয়ের দিকে আসতে শুরু করেন।
জানাজাস্থলের দিকে এগিয়ে আসা মানুষের কণ্ঠে শোনা যায় নানা স্লোগান। কোথাও শোকের আহাজারি, কোথাও প্রতিবাদের উচ্চারণ। হাদিকে স্মরণ করে ও হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একই সঙ্গে ধর্মীয় স্লোগানেও পরিবেশ ভারী হয়ে ওঠে, যা জানাজার আবহকে আরও গভীর করে তোলে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি প্রবেশপথে অবস্থান নেয়। নির্ধারিত গেট দিয়ে সুশৃঙ্খলভাবে মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী তল্লাশির ব্যবস্থাও রাখা হয়। আয়োজকদের তৎপরতায় বড় কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।
অনেকে কালো ব্যাচ পরে শোক প্রকাশ করছেন, আবার অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে হাদির দেশপ্রেম ও আদর্শের প্রতি সম্মান জানাচ্ছেন। বাবার হাত ধরে ছোট শিশুদের উপস্থিতি যেমন চোখে পড়েছে, তেমনি নারী ও বয়স্কদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। তরুণদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
সব মিলিয়ে মানিক মিয়া এভিনিউতে আজকের এই জানাজা পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে, যেখানে শোকের পাশাপাশি স্পষ্টভাবে ফুটে ওঠে প্রতিবাদ, স্মরণ ও ঐক্যের বার্তা।


