মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি ‘কমিউনিটি আই হেলথ পার্টনারশিপ ফর প্রিভেন্টিং অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস অব দ্য এথনিক কমিউনিটি’ শীর্ষক একটি চক্ষু স্বাস্থ্য কর্মসূচি আয়োজন করেছে এমটিবি ফাউন্ডেশন। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সহযোগিতায় এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পরিচালিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের জন্য চক্ষু পরীক্ষা, ঔষধ সরবরাহ ও চশমা বিতরণসহ ছানি, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারির মতো মৌলিক চক্ষু সেবা প্রদান করা হয়।
এছাড়াও চোখের স্বাস্থ্য ও প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ শিক্ষামূলক সেশন পরিচালিত হয়। এমটিবি ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরের মধ্যে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলেও আরও বেশ কয়েকটি চক্ষু শিবিরের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


