সাউথইস্ট ব্যাংক পিএলসি–তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার মো. সেকান্দার-ই-আজম। ২০ নভেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় তিন দশকের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা টিমে যুক্ত হলেন নতুন উদ্যম ও লক্ষ্য নিয়ে।
নতুন দায়িত্বে যোগদানের আগে সেকান্দার-ই-আজম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি–তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি শাখা পরিচালনা, ব্যবসায় সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং নেতৃত্বদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তার দীর্ঘ কর্মজীবনে ব্র্যাক ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসিতেও দায়িত্ব পালন করেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।
২৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন শাখা–প্রশাখায় নেতৃত্ব দিয়েছেন এবং নীতিমালা প্রণয়ন, শাখা ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, গ্রাহকসেবা উন্নয়নসহ নানা ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করেছেন।
মো. সেকান্দার-ই-আজম শিক্ষা জীবনেও কৃতিত্বের পরিচয় রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম ও এম.কম ডিগ্রি অর্জনের পাশাপাশি লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিএসসি সম্পন্ন করেন।
নতুন ডিএমডি হিসেবে তার যোগদান ব্যাংকের পরিচালন দক্ষতা, সেবা উন্নয়ন এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন।


