শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, পর্ষদ সভায় ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রিমিয়াম ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে শেয়ার ইস্যু মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি মোট ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে।
ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নামে এই শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে ওই কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শেয়ার ইস্যুর এই প্রস্তাব কার্যকর হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর। পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি পেতে আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।


