নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আজ রোববার (২ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকাল ৩টায় এই মূল্য পরিবর্তনের ঘোষণা দেওয়া হবে। একই সময়ে অটোগ্যাসের নতুন মূল্যও নির্ধারণ জানানো হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো প্রকাশিত নভেম্বর ২০২৫–এর সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে দেশের বেসরকারি খাতে বিক্রি হওয়া এলপিজির ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারের গতিপ্রবাহ বিবেচনা করেই দেশীয় বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
এর আগে ৭ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ৩৮ পয়সা হ্রাস করে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়।
এলপিজি ও অটোগ্যাসের বাজারে চলতি বছর মোট ১১ বার মূল্য পরিবর্তন হয়েছে—যার মধ্যে চার দফায় দাম কমেছে এবং সাত দফায় বেড়েছে। গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার মূল্য বৃদ্ধি এবং চারবার মূল্য হ্রাস করা হয়েছে।
এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল থাকায় বিইআরসি আজকের ঘোষণায় দাম অপরিবর্তিত রাখার দিকে ঝুঁকতে পারে। তবে সৌদি সিপির নতুন হারই শেষ পর্যন্ত এই মূল্য নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে।


