শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড সাফল্যের সঙ্গে সিঙ্গেল রড কন্ট্রাসেপটিভ ইমপ্লান্ট উৎপাদন সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০১৯ সাল থেকেই প্রতিষ্ঠানটি টু রড কন্ট্রাসেপটিভ ইমপ্লান্ট উৎপাদন করে আসছে। দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে এবার তারা সিঙ্গেল রড সংস্করণটি বাজারে আনার সক্ষমতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই পণ্য সংযোজন তাদের উৎপাদন সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে।
টেকনো ড্রাগস জানায়, এ ধরনের স্বাস্থ্যসেবামূলক পণ্যের প্রধান ক্রেতা হচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। তাই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এই দুটি পণ্য (টু রড ও সিঙ্গেল রড) সরকারের কাছে সরবরাহের জন্য প্রস্তুত রেখেছে। তবে তারা উল্লেখ করেছে, দরপত্র আহ্বান এবং অনুমোদন পাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে পণ্য সরবরাহ শুরু করা সম্ভব হবে।
কোম্পানির একজন কর্মকর্তা জানান, সিঙ্গেল রড ইমপ্লান্ট ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক ও আধুনিক সমাধান হিসেবে বিবেচিত হবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের পণ্য উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশের চিকিৎসা খাতে আমদানিনির্ভরতা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।


