বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই তহবিল মূলত দেশের তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে ইচ্ছুক স্টার্টআপগুলোকে অর্থায়ন সহায়তা দেবে। এর মাধ্যমে নতুন ব্যবসা সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে বৈচিত্র্য ও কর্মসংস্থান বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এই তহবিলে যুক্ত হওয়ায় আমরা গর্বিত। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তাদের পাশে থাকব। দেশের অর্থনৈতিক উন্নয়নে স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে এই সহযোগিতা বড় ভূমিকা রাখবে।”
প্রতিষ্ঠানটি ৩৬ বছরেরও বেশি সময় ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং করপোরেট খাতে উদ্ভাবনী ও বাজার উপযোগী আর্থিক সমাধান দিয়ে আসছে। বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্সের ২৩টি শাখা রয়েছে এবং প্রতিষ্ঠানটির গ্রাহক নেটওয়ার্ক দেশের প্রতিটি জেলায় বিস্তৃত। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় স্টার্টআপ খাত শক্তিশালী হলে দেশের প্রবৃদ্ধি অর্জনে এর সরাসরি প্রভাব পড়বে।


