ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার পরিচয় আনল অ্যাপোলো ক্লিনিক। ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এই ক্লিনিকটি বাংলাদেশে চালু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অন্তর্ভুক্ত জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ধানমণ্ডি ৬৪, সাত মসজিদ রোডে ফিতা উন্মোচন ও কেক কেটে ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি সহ আরও অনেকে।
জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজীদ আলম বলেন, “অ্যাপোলো ক্লিনিক দেশের রোগীদের কাছে এক জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসা, রোগনির্ণয় ও ফার্মেসি সেবা নিশ্চিত করবে। এখানে ১০০ শয্যার ওয়ার্ড-কেবিন, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডে-কেয়ার কেমোথেরাপি এবং ডায়ালাইসিসসহ অত্যাধুনিক সুবিধা থাকবে।”
মো. আব্দুর রাজ্জাক জানান, “অত্যাধুনিক প্রযুক্তি, দেশের শীর্ষ চিকিৎসক ও দক্ষ নার্সদের মাধ্যমে দেশে ন্যায্যমূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও এমন ক্লিনিক প্রতিষ্ঠা করা হবে।”
অ্যাপোলো হেলথের তরুণ গুলাতি বলেন, “বিশ্বজুড়ে ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক পরিচালনা করা অ্যাপোলো এবার বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। জেএমআই গ্রুপের সঙ্গে সহযোগিতায় আমাদের সেবা সম্প্রসারণের লক্ষ্য।”
ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু হওয়ায় দেশজুড়ে রোগীরা বিদেশে না গিয়েই মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারবে।


