ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর আওতাধীন প্রকল্পগুলোতে কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অফিস শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হওয়া এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সময়ের আগেই অফিস ত্যাগ করার প্রবণতা দিন দিন বাড়ছে বলে জানা গেছে।
সম্প্রতি এই অনিয়ম ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে আসে। এরপরই অফিস শৃঙ্খলা বজায় রাখতে কড়াকড়ি আরোপ করে একটি নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। গত ১৬ জুলাই (বুধবার) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নোটিশটি প্রতিষ্ঠানটির সব শাখায় পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কিছু কর্মকর্তা/কর্মচারী যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার কেউ কেউ অফিস সময় শেষ হওয়ার আগেই বিনা অনুমতিতে অফিস ত্যাগ করছেন। এমন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।”
নোটিশে আরও বলা হয়, কর্মস্থলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ করতে হবে। সেই খাতা নিয়মিতভাবে নিয়ন্ত্রণকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার জন্য পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অফিস ত্যাগের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নেওয়ার শর্তও জোর দিয়ে উল্লেখ করা হয়।
ডিএমটিসিএলের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, জনসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শৃঙ্খলার অভাব হলে তা প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ সময়োপযোগী।
প্রতিষ্ঠানটির এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও শৃঙ্খলার মানসিকতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।


