Wednesday, July 15, 2026
Home জাতীয় ঢাকায় ফিরছে মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে

ঢাকায় ফিরছে মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনের দিকে।

বুধবার (১১ জুন) রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড়।

প্রত্যেকেই পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন ঢাকায়। হাতে লাগেজ, চোখে ক্লান্তি— তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।

রাহাত নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘ঈদের লম্বা ছুটি কাটালাম পরিবারের সঙ্গে। এবার কাজে যোগ দেয়া পালা। পরিবার রেখে কাজে ফেরা বরাবরের মতোই কষ্টের। মায়ের মুখটা বারবার ভেসে উঠে। কিন্তু জীবনের বাস্তবতা তো মানতেই হবে।’

সদরঘাটেও দেখা গেছে একই চিত্র। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছেন মানুষ। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও— যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ফিরোজ আলম বলেন, ‘এই ক’দিন গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ছিলাম। এখন আবার ফিরলাম কর্মস্থলে। যানজট এড়াতে আগে আগেই ফিরলাম। ঈদের আনন্দ শেষ, এখন জীবনযুদ্ধ শুরু।’

পরিবার ফেলে ফিরে আসার বেদনা সবার চোখেমুখে স্পষ্ট। তবে জীবিকার তাগিদে আবার ছুটে চলা ছাড়া উপায় নেই।

রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও ঈদ পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে বাড়তি ট্রেন, লঞ্চ ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফিরতি পথে ট্রেনের কোনো সংকট নেই। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে।

ঢাকায় ফেরা এই কর্মজীবীদের ঢল আগামী কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। শহর আবারও ফিরে পাচ্ছে তার চেনা গতি, কর্মচাঞ্চল্য আর ব্যস্ততা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments