গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যাওয়ার টিকিটের মূল্য ছিল অত্যন্ত চড়া। গ্রুপ বুকিং পদ্ধতির অপব্যবহারের কারণে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিয়ম প্রবর্তনের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য প্রায় ৭৫ শতাংশ কমেছে। বুধবার অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সরকারের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এতে সাধারণ যাত্রীরা উপকৃত হচ্ছেন এবং বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে। আটাবের মতে, সরকারের এই উদ্যোগ টিকিটের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।


