ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় শাহবাজ শরিফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি মরহুমার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পরদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শোকবার্তা পাঠান, যা তার রাজনৈতিক জীবনের আন্তর্জাতিক গুরুত্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।


