সরকার ২০২৫ সালের জন্য ২১ হাজার ৯৪৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার জ্বালানি তেল আমদানি অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্ত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নেওয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ১১ হাজার ২৩৩ কোটি ৫৭ লাখ টাকার অপরিশোধিত জ্বালানি তেল এবং ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে এই জ্বালানি তেল কেনা হবে।
সরকার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএসওসি) থেকে ৬ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২০৮ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা। একইসঙ্গে সৌদি আরবের সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি থেকে ৭ লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড গ্রেডের তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য ব্যয় হবে ৬ হাজার ২৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ তেল সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এবং দুবাইয়ের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে সংগ্রহ করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া বাস্তবায়ন করবে। এসব তেল আমদানির মাধ্যমে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


