কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য নতুন এআই-ভিত্তিক বিকল্প ক্রেডিট স্কোরিং চালু করেছে। দেশের প্রথম এই ধরনের উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করেছে স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং আন্তর্জাতিক ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ইনসাইটস জিনি।
ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ ঋণ প্রক্রিয়া নিশ্চিত করা। এ ধরনের এআই-ভিত্তিক স্কোরিং সিস্টেম ব্যবসায়িক তথ্য, লেনদেনের আচরণ এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করে ঋণগ্রহীতাদের আর্থিক সক্ষমতা মূল্যায়ন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান এবং ইনসাইটস জিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চাই উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা—ড. মো. আরিফুল ইসলাম, জাহির আহমেদ ও মো. মামুন-উর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের এমএসএমই উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির সুযোগ বাড়বে এবং তারা দ্রুত ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। ব্যাংক আশা করছে, এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং প্রযুক্তি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে আরও সাশ্রয়ী ও স্বচ্ছ ঋণ সুবিধার সাথে যুক্ত করবে।


