আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় তিনি বলেন, গত ১৭ বছর শুধু বগুড়া নয়, পুরো দেশই বঞ্চিত ছিল। এই নির্বাচনই ঠিক করবে আগামী দিনে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে কি না।
বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে ভোট চেয়ে তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার গঠন করতে পারলে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ এলাকার ন্যায্য দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন তিনি।
এর আগে নওগাঁ ও রাজশাহীতে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।


