বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনের বিখ্যাত ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম ভালো আছেন। প্রতিদিন চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। বলতে পারি, তার শারীরিক অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে।”
ডা. জাহিদ আরও জানান, লন্ডনে সাপ্তাহিক ছুটির দিন হলেও খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে। “শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ হাসিখুশি আছেন। আপনারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।” যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি বলেন, “ডাক্তাররা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সবসময় তার পাশে আছেন।”
এর আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কাতার হয়ে লন্ডনে পৌঁছান বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) তাকে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার পুরনো চিকিৎসা সংক্রান্ত রিপোর্টগুলো পর্যালোচনা করে তার জন্য নতুন চিকিৎসা পরিকল্পনা করা হয়েছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিএনপির শীর্ষ নেতা ও চিকিৎসকরা আশাবাদী যে, বিশ্বমানের এই চিকিৎসার ফলে খালেদা জিয়া দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।


