শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি বিদ্যমান বাজারদরে পাবলিক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। পাশাপাশি ৩১ মার্চ ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে ২৬ টাকা ৪৯ পয়সায় পৌঁছেছে।
২০২৫ হিসাব বছরের জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে। ওই বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা। এর আগের বছর ২০২৪ সালে কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।
বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩১ কোটি টাকার বেশি। মোট শেয়ারের ৩১ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৬৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।


