আন্তর্জাতিক মানদণ্ডে তথ্যনিরাপত্তা ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি আইএসও ২৭০০১:২০২২ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) সনদ অর্জন করেছে, যা তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বস্বীকৃত মান হিসেবে বিবেচিত।
সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই সনদ হস্তান্তর করা হয়। বহুজাতিক সার্টিফিকেশন সংস্থা টুফ জুদের কান্ট্রি হেড কে. নাগরাজ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরীর হাতে সনদটি তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হলো। এতে গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাংকের গ্রহণযোগ্যতা ও আস্থাও বৃদ্ধি পাবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তথ্যনিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যাশনাল ব্যাংক ভবিষ্যতেও আধুনিক ও নিরাপদ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


